টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম (TIME) এর ২০২৬ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই অর্জনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু একজন নেতার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিফলন।
টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্বগুণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরেছে। বিশেষ করে একটি চ্যালেঞ্জপূর্ণ সময়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবস্থানকে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে অংশগ্রহণমূলক ও অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে কাজ করে আসছেন। দেশে প্রত্যাবর্তনের পর তিনি একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা ঘোষণা করেন, যার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় ঐক্য, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। আন্তর্জাতিক মহলেও তাঁর নেতৃত্ব ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, এই স্বীকৃতিতে দেশজুড়ে বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্লেষকদের মতে, টাইমের এই স্বীকৃতি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে ভূমিকা রাখবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

খালিদ রবিন
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









