খাগড়াছড়ির রামগড় উপজেলায় আগুনে পুড়ে গেছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ টি কক্ষ। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী উচ্চবিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, আগুনে প্রধান শিক্ষকের কক্ষসহ একাধিক শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র, কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশ্বান্ত বড়ুয়া জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য নিশ্চিত করা হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, আগুনে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলেও জানান তিনি। ২০২২ সালে প্রত্যন্ত কলাবাড়ী এলাকায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডে পাঠদান কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।