গ্রাফিতিতে গুপ্ত লেখা’কে কেন্দ্র করে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ছবি- সংগৃহীত
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেয়ালের গ্রাফিতিতে লেখা পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সকাল ও বিকেলে দুই দফা এই সংঘর্ষ হয়। ইটের আঘাতে ও লাঠিসোঁটার মহড়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উদ্ভুত পরিস্থিতিতে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জানা গেছে, কলেজের একটি ভবনের দেয়ালে ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি ছিল। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা-কর্মী ওই গ্রাফিতির ছাত্ররাজনীতি শব্দ থেকে ছাত্র মুছে সেখানে গুপ্ত লিখে দেন। ফলে বাক্যটি দাঁড়ায় গুপ্তরাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এই পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ছাত্রশিবির ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা দ্রুতই সঙ্ঘাতে রূপ নেয়।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, সকালে গ্রাফিতির ওপর লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ সকল ক্লাস এবং পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাগুলো বিশেষ ব্যবস্থায় নেওয়া হয়েছে।
সকালের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। একে অন্যকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা দীর্ঘক্ষণ অনেকটা নির্বিকার অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রাফিতিকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হলেও এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।
বর্তমানে কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









