রাজধানীর পানি সরবরাহ, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি রাজধানীর প্রধান চারটি সংকটের চিত্র তুলে ধরেন।

সংসদ সদস্য সাইফুল আলম ঢাকা ওয়সার সরবরাহকৃত পানির মান নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, ওয়াসার পানিতে দুর্গন্ধ থাকে এবং মাঝে মাঝে পোকাও দেখা যায়। এই পানি কোনোভাবেই পানযোগ্য নয়। জনস্বাস্থ্যের সুরক্ষায় অবিলম্বে পানির মান নিশ্চিত করার দাবি জানান তিনি।

রাজধানীর জলাবদ্ধতাকে দ্বিতীয় প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, প্রাকৃতিক খালগুলো ভরাট বা বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই ধানমন্ডি-২৭, বিজয় সরণি ও পান্থপথের উত্তরাংশের মতো এলাকায় হাঁটুপানি জমে যায়। বিশেষ করে পান্থপথের একটি খাল বন্ধ করে মার্কেট নির্মাণ করায় আশপাশের আবাসিক এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন। আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই এসব ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের ওপর জোর দেন তিনি।

শহরের যত্রতত্র ময়লার ভাগাড় বা ডাম্পিং স্টেশন তৈরি হওয়ায় ছড়ানো দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন সাইফুল আলম। একে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেন তিনি। এছাড়া রাজধানীর পুরোনো গ্যাসলাইনগুলোর সংস্কার দাবি করে তিনি বলেন, শহরের অনেক গ্যাসলাইন ৪০ থেকে ৫০ বছরের পুরোনো হয়ে গেছে। এগুলো দ্রুত পরিবর্তন না করলে বড় ধরনের দুর্ঘটনা ও গ্যাস সংকটের ঝুঁকি থেকে যাবে।

সংসদে দেওয়া বক্তব্যে সাইফুল আলম রাজধানীর এই সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।