কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

তনুর ভাই রুবেল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যরা বর্তমানে আদালতে অবস্থান করছেন। হত্যাকাণ্ডের ১০ বছর পর এটাই মামলার প্রথম গ্রেপ্তার, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের জন্য আদালতের অনুমতি চান। সন্দেহভাজনরা হলেন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম।

আদালত সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা পর্যায়ক্রমে মামলার তদন্তের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সময় পর গ্রেপ্তারের ঘটনায় মামলাটিতে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।