পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে মাদারিপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়া-র উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও জানান, সৌদি আরব অংশে নির্ধারিত ব্যয় কমানো সম্ভব না হলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাড়ি ও হোটেল ভাড়া সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।

ধর্মমন্ত্রী বলেন, “ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।”

সরকারের এ উদ্যোগে হজযাত্রীদের ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।