যশোর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃতের নাম রায়হানুল হক, বয়স ৩৫ বছর। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। রায়হানুল হক হাজতি নম্বর ৫৭০৭ স্ল্যাশ ২৫ হিসেবে কারাগারে ছিলেন। তিনি আইয়ুব আলীর ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, আজ বিকেলে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রায়হানুল হক। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে দ্রুত কারারক্ষীদের পাহারায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, রায়হানুল হককে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

এদিকে, পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।