মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্য চান প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবিঃ পিএমও পেইজ
সংসদে দাঁড়িয়ে দেশ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ এক আলোচনার শেষ প্রান্তে এসে তিনি বলেন, এই সংসদ বহু শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত। দেশের মানুষের ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়েই এই সংসদের যাত্রা। প্রধানমন্ত্রী বলেন, আলোচ্য বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটি সমগ্র বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতি ও বাস্তবতার এই প্রেক্ষাপটে প্রতিটি দেশ এবং প্রতিটি মানুষের জন্য বিষয়টি গুরুত্ব বহন করে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একটি জায়গায় সবাই একমত হয়েছেন, আর তা হলো দেশের স্বার্থ রক্ষা। দেশের মানুষের স্বার্থের প্রশ্নে কোনো ধরনের বিভেদ থাকা উচিত নয়। সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, যে কোনো গঠনমূলক প্রস্তাব বা পরামর্শ নিয়ে আলোচনা করতে সরকার সবসময় প্রস্তুত। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেউ প্রস্তাব দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিরোধীদলের প্রস্তাবের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল এবং সরকার একসঙ্গে বসে আলোচনা করতে পারে এবং সে বিষয়ে সরকার ইতিবাচক। তিনি জানান, বিরোধীদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে এবং তাদের প্রস্তাব বাস্তবতার আলোকে পর্যালোচনা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের যে পাশেই থাকি না কেন, আমরা সবাই জনগণের প্রতিনিধি। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য। তাই যে কাজ করলে জনগণের উপকার হবে, সরকার সেই কাজই করবে। শেষে তিনি বিরোধীদলীয় নেতা ও সংসদের সকল সদস্যকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

নাজমুল গাজী
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






