প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ মাস পর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার শফিরকান্দি পূর্বপাড়া গ্রামের শহিদুল্লার ছেলে আরিফুল বয়স ৩০ এবং একই গ্রামের কামাল মিয়ার ছেলে সানি বয়স ২২।

ঘটনার বিবরণে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির ছেলে চলতি বছরের ১১ জানুয়ারি বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পান। ফোনে তাকে জানানো হয়, তার বাবা মালয়েশিয়া থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। ওই টাকা উত্তোলনের জন্য তাকে দক্ষিণখান থানার জয়নাল মার্কেট এলাকায় যেতে বলা হয়।

নির্দেশনা অনুযায়ী সেখানে গেলে অপহরণকারীরা তাকে কৌশলে একটি প্রাইভেটকারে তুলে মিরপুর পল্লবীর একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের অর্থ ছিনিয়ে নেওয়া হয়।

পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানায় সিআইডি। দীর্ঘ অনুসন্ধানের পর ঘটনার পাঁচ মাস পর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রাইমটিভি/এনজি