পাবনার পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্কুলটির পঞ্চম শ্রেণির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তামজিদ (১০) পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা যায়, টিফিন শেষে সকাল ১০টা ২০ মিনিটে ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুল ভবনের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায় এবং সে আহত হয়।

ঘটনার পর শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। আঘাত গুরুতর নয় বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, স্কুলের বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করা হয়। তবে দুর্ঘটনার পর সব ফ্যান পুনরায় পরীক্ষা করা হবে এবং ক্ষতিগ্রস্ত ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।

উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।