মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তাজনিত কারণে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। একই সময়ে বাহরাইনে আবারও হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে এবং উত্তর ইসরায়েলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানি আগ্রাসনের’ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। একই সঙ্গে দেশটির নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে উপসাগরীয় দেশ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে দেশটিতে আবারও বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেন বাজানো হয়।

এদিকে উত্তর ইসরায়েলের কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। লেবানন থেকে প্রজেক্টাইল ছোড়ার ঘটনা শনাক্ত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা জারির সঙ্গে সঙ্গেই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনাকারী সেনাদের কাছে দুটি প্রজেক্টাইল আঘাত হানার পর উত্তর ইসরায়েলে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা সতর্কতা জোরদার হওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রাইমটিভি/এনজি