নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ( ১১ জুন, ২০২৬) সকাল ৬ টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এক কক্ষের ওই বাসায় একটি দিনমজুরের পরিবার বসবাস করত। ঘরের ভেতরেই রান্নার ব্যবস্থা ছিল। রাতে দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস ঘরের মধ্যে জমে যায়। পরে পরিবারের একজন আগুন জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চার সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওসি আরও জানান, আহতদের শরীরে দগ্ধের চিহ্ন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয়। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

প্রাইমটিভি/বিএম