আজ ১২ জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। শিশুশ্রমের মতো একটি বৈশ্বিক ও সংবেদনশীল সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং তা নির্মূলের লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়।

এ বছর আন্তর্জাতিকভাবে দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।

অন্যদিকে, বাংলাদেশে জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বজুড়ে শিশুশ্রমের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশুই নিয়োজিত রয়েছে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে, যা তাদের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষাকে চরম হুমকির মুখে ফেলছে।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিবছরের ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নির্মূলের অঙ্গীকার নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

প্রাইমটিভি/বিএম