শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি- প্রধানমন্ত্রীর কার্যালয়
কক্সবাজারের পেকুয়ায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত মো. ওয়াসিমের এর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় কবরের পাশে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ওয়াসিমের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদের অবদানকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শহীদ ওয়াসিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন। পরে চকরিয়ার মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে পেকুয়ার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মো. ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






