পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ছবি- সংগৃহীত
দেশের গুরুত্বপূর্ণ পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো জেলাগুলো হলো ফেনী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী ও ঝিনাইদহ।
একই সঙ্গে পুলিশের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন নিয়োগ অনুযায়ী, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
পঞ্চগড়ের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইম। মৌলভীবাজারের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
নোয়াখালীর নতুন পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন। অন্যদিকে ঝিনাইদহের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে।
এদিকে পঞ্চগড়ের বিদায়ী এসপি মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের বিদায়ী এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালীর বিদায়ী পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইদহের বিদায়ী এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






