দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কার দেয়া হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর । সংগৃহীত
দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুরস্কারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে কৃষি খাতে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হলেও কৃষি কর্মকর্তাদের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়ার সরকার কৃষি কর্মকর্তাদের যথাযথ সম্মান দিয়েছে এবং বর্তমান সরকারও তাদের সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
মির্জা ফখরুল বলেন, দেশের কৃষি খাত এখনো সবচেয়ে সম্ভাবনাময় খাতগুলোর একটি। তবে নানা কারণে অনেক ক্ষেত্রে কৃষিকাজ আর লাভজনক পেশা হিসেবে থাকছে না। এ কারণে কৃষকদের জন্য প্রণোদনা বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী ১ জুলাই থেকে দেশের ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। পাশাপাশি একই সময়ে ব্যাপক পরিসরে কৃষক কার্ড বিতরণের কার্যক্রমও শুরু করা হবে।
সরকারের এ উদ্যোগ কৃষক ও নিম্নআয়ের পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা এবং কৃষি খাতের উন্নয়নে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






