চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-এর কঠোর অবস্থান ও স্থানীয়দের সতর্ক উপস্থিতির মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।

রোববার ভোর ৪টার দিকে দর্শনা-জয়নগর সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশের সীমান্ত এলাকায় ভারতীয় অংশে ১১ জন ব্যক্তিকে জড়ো করে বিএসএফ। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল বলে দাবি করেছে বিজিবি।

খবর পেয়ে দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। পরে জড়ো করা ব্যক্তিদের শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “বিএসএফের পক্ষ থেকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি তা প্রতিহত করেছে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

সীমান্তে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলমান থাকলেও দর্শনা সীমান্তের এ ঘটনাকে নতুন করে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রাইমটিভি/কেআর