গণমাধ্যম এখন ব্যাবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

ছবিঃসংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যম এখন আর প্রকৃত অর্থে মিডিয়া হিসেবে কাজ করছে না, বরং অনেক ক্ষেত্রে এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিতে পরিণত হয়েছে।
রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং বিএনপিকে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দল নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম।
অর্থনৈতিক উন্নয়ন ও কৃষি গবেষণায় জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট এবং সুগারকেন রিসার্চ ইনস্টিটিউটসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতেও তিনি দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন।
গণমাধ্যমের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়।” তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম অতীতের সেই অবস্থান থেকে বেরিয়ে এসে স্বাধীন ও ইতিবাচক ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাইমটিভি/এমএইচ








