ছিনতাইকারীদের চাপাতির আঘাতে ওসিসহ ২ পুলিশ আহত

ছবি- সংগৃহীত
রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। অভিযানের সময় আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে অবস্থিত একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আদাবর এলাকায় চাপাতির ভয় দেখিয়ে একটি দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িতদের শনাক্ত করে তাদের অবস্থানস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ।
তিনি বলেন, অভিযানের সময় সন্দেহভাজন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনি নিজে এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ চাপাতির আঘাতে আহত হন।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে গুলি ছোড়া হলে দুই সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাই চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






