গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের প্রতিটি ধাপে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘১৬ জুন: সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন। দেশের কঠিন সময়গুলোতে তাদের অবদান কখনো ভোলার নয়। তিনি স্মৃতিচারণ করে বলেন, একসময় জাতীয় প্রেসক্লাবে তাকে আটকে রাখা হলে সাংবাদিকরাই তাকে নিরাপত্তা দিয়ে প্রাণ রক্ষা করেছিলেন।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যমকর্মীদের অবদান জাতি স্মরণ রাখবে।
সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং বর্তমানে সাংবাদিকরা আগের তুলনায় আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
বেকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টিতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর পাশাপাশি নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর নীতিনির্ধারণী ফোরাম গঠন প্রয়োজন। একই সঙ্গে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






