বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন এবং রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকায় ফিরবেন।

তবে সফরকালে সিলেটে দলের স্থানীয় নেতাদের সঙ্গে কোনো বৈঠকের সূচি নেই। কেবল বিমানবন্দরে সিলেট বিভাগের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর সরাসরি শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। দলীয় সূত্র জানায়, রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সিলেটের মন্ত্রী-এমপি ও দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও স্বাগত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে সফরের পথে দলের স্থানীয় নেতাদের সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম জানান, এসএসএফের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বিভিন্ন অংশে গত কয়েক দিন ধরে মেরামত কাজ চলতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নকাজের কারণে সৃষ্ট খানাখন্দের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

প্রাইমটিভি/এনজি