লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন সংগঠনটির সাবেক নেতা সুমন চৌধুরী।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় করা তাঁর লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে বিকেলে ১০১ সদস্যের নতুন জেলা কমিটি ঘোষণা করে যুবদল। এতে আবদুল আলিম হুমায়ূনকে সভাপতি এবং সৈকত রশিদুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। নতুন কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সুমন চৌধুরী, যিনি জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

১০ মিনিট ১৪ সেকেন্ডের লাইভে তিনি বলেন, দলের জন্য দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকার পরও কেন তাঁকে কমিটিতে রাখা হয়নি, তার জবাব দিতে হবে জেলা যুবদলকে। তিনি দাবি করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা সত্ত্বেও তাঁর মূল্যায়ন হয়নি।

পরে গণমাধ্যমকে সুমন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও নতুন কমিটিতে তাঁকে কোনো পদ দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, কমিটিতে এমন অনেককে রাখা হয়েছে যারা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন।

তবে জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ূন বলেন, জেলায় কমিটিতে স্থান পাওয়ার যোগ্য ত্যাগী নেতার সংখ্যা অনেক বেশি। ১০১ সদস্যের কমিটি হওয়ায় অনেককেই বাইরে রাখতে হয়েছে। সুমন চৌধুরীর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

প্রাইমটিভি/এনজি