আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী

ছবি- সংগৃহীত অভিনেতা আলভী
স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন ছোটপর্দায় পরিচিত মুখ অভিনেতা জাহের আলভী। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এই জামিন শুনানির কথা রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় অভিনেতা জাহের আলভী শুটিংয়ের উদ্দেশ্যে নেপালে অবস্থান করছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছিলেন যে, নেপালে শুটিংয়ে থাকা অবস্থায় তিনি এই খবর পান এবং ঘটনাটি জানার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। সন্তান ও তার কথা চিন্তা না করে কেন ইকরা এমন পথ বেছে নিলেন, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন।

এই আত্মহত্যার ঘটনায় গত ১ মার্চ নিহত ইকরার বাবা বাদী হয়ে অভিনেতা আলভীকে প্রধান আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মেয়ের মৃত্যুর পেছনে প্ররোচনা ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি। এই মামলায় আলভী ছাড়াও তার মা নাসরিন সুলতানা শিউলি এবং কথিত পরকীয়া প্রেমিকা তিথিকেও আসামি করা হয়। এর আগে, গত ৪ জুন এই মামলার অন্যতম আসামি জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা জাহের আলভী ও ইভনাথ খান ইকরা। দীর্ঘ ১৪ বছর ধরে তাদের বিয়ের বিষয়টি গোপন থাকার পর ২০২৪ সালে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। এই দম্পতির সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






