বাদল মোড়ল হত্যার বিচারের দাবিতে ষষ্ঠ দিনেও উত্তাল বাগেরহাট

বাদল মোড়ল হত্যায় উত্তাল বাগেরহাট । প্রাইম টিভি
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলনে সরব রয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও মামলার সকল আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ অবস্থায় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বারুইপাড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা বাদল মোড়ল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল। হামলায় তিনি নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনার পর থেকেই বিচার দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করলেও মামলার মূল পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি এখনও পলাতক রয়েছে। তাদের দাবি, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।
আজকের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রেজা শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আল কায়েসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
সরেজমিনে দেখা যায়, অবরোধ কর্মসূচির কারণে ইউনিয়নের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আংশিকভাবে বন্ধ ছিল। বিভিন্ন সড়কে যানবাহনের চলাচল ব্যাহত হলেও জনদুর্ভোগ কমাতে জরুরি সেবার যানবাহন, অ্যাম্বুলেন্স, পরীক্ষার্থী ও শিক্ষার্থী বহনকারী পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।
এদিকে আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের দ্রুত সুস্থতা এবং নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার ইউনিয়নের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা।
বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক বলেন, বাদল মোড়ল হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো সকল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছেন। তবে দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আগামীতে আরও কঠোর এবং লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত সকল আসামির গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ফলে বাদল মোড়ল হত্যা মামলাকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









