কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, ফিশিং বোটটি চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে শুক্রবার সকাল ৯টার দিকে জেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার পরই সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে বিকল বোটসহ চার জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ