লেবাননে চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চললেও পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতা এবং ইরানের সহযোগিতায় একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

তবে যুদ্ধবিরতির আগে বৃহস্পতিবার রাতভর লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময় হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনাও নিহত হন।

এই সংঘাতের প্রভাব আন্তর্জাতিক কূটনীতিতেও পড়েছে। সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক স্থগিত করা হয়েছে। ওই বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু, ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এগোনো সম্ভব নয়। একই সঙ্গে তেহরান লেবাননে ইসরায়েলি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরান-সংক্রান্ত সমঝোতা স্মারক মেনে নিতে ইসরায়েল সরকারকে কড়া বার্তা দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়া ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য মিত্র এখন যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

প্রাইমটিভি/এমএইচ