শেরপুরে ৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

ছবিঃসংগৃহীত
শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৩৩ টন ১০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। একই ঘটনায় একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি সোহেল রানা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার ‘জেবিন রাইস প্রসেসিং মিল’-এ অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বোরহান উদ্দিন (৩২)। তিনি শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ৩০ কেজি ওজনের বস্তায় থাকা বিপুল পরিমাণ সরকারি চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিল থেকে মোট ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ করা হয় এবং বোরহান উদ্দিনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এর আগেও আটক বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল কারসাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সদর থানার ওসি সোহেল রানা বলেন, জব্দকৃত চাল কীভাবে মজুদ করা হলো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





