নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাদের মারধর করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—ডিবি পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামিপক্ষের লোকজন তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং একপর্যায়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তিন পুলিশ সদস্যকে একটি পিকআপ ভ্যানে তুলে আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে যায়। সেখানে আবারও তাদের মারধর করা হয়। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, “তারা ইউনিফর্ম পরিহিত না থাকায় স্থানীয় জনতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং তারা জনরোষের শিকার হন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।”

তিনি আরও জানান, অভিযানে থাকা অপর সদস্য কনস্টেবল আকাশ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে অবস্থান করায় তিনি অক্ষত থাকেন। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/কেআর