অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বিশাল তারকাবহুল কাস্টের কারণে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও, মুক্তির ঠিক আগমুহূর্তে সালমান খানের ক্যামিও নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, এই ছবিতে সালমান খানের কোনো বিশেষ চরিত্র বা ক্যামিও নেই।

একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, সুপারস্টার সালমান খান বর্তমানে তার পূর্বনির্ধারিত একাধিক প্রজেক্ট ও শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। ফলে এই কমেডি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা আলোচনাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

মূলত অভিনেতা ও জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের একটি রহস্যময় মন্তব্যকে কেন্দ্র করেই এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল। সম্প্রতি ‘লাফটার শেফস’ রিয়েলিটি শোর সেটে পাপারাজ্জিরা কৃষ্ণাকে ছবিতে সালমানের উপস্থিতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি ইঙ্গিত দেন যে, দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে। কৃষ্ণার এই মন্তব্যের ওপর ভিত্তি করেই নেটদুনিয়ায় রটে যায় যে, সেই বিশেষ চমকটি হয়তো স্বয়ং ‘ভাইজান’ সালমান খান। তবে শেষ পর্যন্ত বিষয়টি স্রেফ গুজব বলেই প্রমাণিত হলো।

 প্রাইমটিভি/বিএম