ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট হারুন-অর-রশিদ স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন এবং বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রাইমটিভি/কেআর