ফেনীর পরশুরামে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদ (হুইস্কি) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে পরশুরাম-ফেনী আঞ্চলিক সড়কের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর এলাকার জসিম উদ্দিন (৫১) এবং পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার মিনহাজুর রহমান অমি (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব বৈরাগীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়।

তল্লাশিতে অ্যাম্বুলেন্সের ভেতর থাকা ছোট-বড় আটটি কার্টন থেকে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। জব্দ করা প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৭৫০ মিলিলিটার।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মদগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরশুরাম ক্লিনিকের স্বত্বাধিকারী নবী চৌধুরী বলেন, “সকালে স্থানীয় একটি ওষুধের দোকানের মালিক অ্যাম্বুলেন্সচালকের কাছে কাচের জিনিস বলে কয়েকটি বক্স ফেনী পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। এর বাইরে আমার কিছু জানা নেই।”

তিনি আরও জানান, ঘটনার পর সংশ্লিষ্ট ওষুধের দোকানটি বন্ধ পাওয়া গেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রাইমটিভি/কেআর