বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশকে ৩০ দিনের সময় দিয়েছিল। তবে সরকার মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে অনুবাদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
তিনি বলেন, “সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে। আরব আমিরাত সরকার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও আমরা তিন দিনের মধ্যেই সব নথি পাঠিয়ে দিয়েছি।”
আমিরাত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এর মধ্যে শুক্র ও শনিবার চলে গেছে। দুই দেশেই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। রোববার এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।”
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল হতে পারে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আমাদের ই-মেইলে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠানোর অনুরোধ করেছে। তাই এ বিষয়ে অযথা জটিলতার প্রশ্ন ওঠে না।”
তিনি আরও বলেন, “প্রত্যর্পণ চুক্তি থাকুক বা না থাকুক, জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক সনদ অনুযায়ী কিছু বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতা করে থাকে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত উভয়ই এসব সনদের অংশ। এর আগেও এমন প্রক্রিয়ায় আসামি দেশে এসেছে এবং বাংলাদেশ থেকেও অন্য দেশে পাঠানো হয়েছে।”
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





