মাউন্টেইনার তমালের কুকীর্তিতে ক্ষুব্ধ প্রভা

ছবিঃ সংগৃহীত
প্রকৃতির টানে পাহাড় কিংবা বনের নিস্তব্ধতায় যারা সুখের সন্ধান করতে যান, বিশেষ করে নারী ট্রাভেলাররা, তাদের জন্য এক ভয়ানক বিপদের বার্তা তৌফিক আহমেদ তমাল নামের এক মাউন্টেইনার। ট্র্যাকিং ও ট্রাভেলিং জগতে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে নেপালে এক মালয়েশিয়ান তরুণীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে নেপালের পোখারায়। জানা যায়, ওই তরুণী যখন শাওয়ার নিচ্ছিলেন, তখন তমাল গোপনে তার আইফোনটি সেখানে পেতে রাখেন। বিষয়টি টের পেয়ে তরুণী চিৎকার করলে ফোনটি জব্দ করা হয়। পরবর্তীতে দেখা যায়, শুধু এই তরুণীই নন, ইতিপূর্বে টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে অসংখ্য নারীর এরকম গোপন ভিডিও ধারণ করেছেন তমাল। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও মানসিক পীড়া প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি ছাড়াও তমালের ট্র্যাকিং টিমে থাকা সুপরিচিত মাউন্টেইনার সৈয়দা লায়লা এক ভিডিও বার্তায় তমালের আসল রূপ উন্মোচন করেছেন। লায়লার অভিযোগ, তমাল সারাদিন মদ্যপ থাকেন, নারীদের একা পেলে ধমকাধমকি করেন এবং ট্র্যাকিংয়ের সময় জোরপূর্বক হাত ধরার মতো অশোভন আচরণ করেন।

বর্তমানে নেপালি পুলিশের হেফাজতে থাকা তমাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, হোটেলের চারপাশের দৃশ্য ধারণ করার সময় মালয়েশিয়ান টিমের সঙ্গে তর্কাতর্কির জেরে তাকে মিথ্যা ফাঁসানো হয়েছে। তবে নেপালের মাটিতে এই যৌন হয়রানির ঘটনা দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। পাহাড়ের সুন্দর পরিবেশকে যারা এভাবে নারীদের জন্য অনিরাপদ করে তুলছে, তাদের কঠোর শাস্তির দাবি উঠছে সব মহলে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









