দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশসেরা খুদে ফুটবলারদের এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে তিনি স্টেডিয়ামে পৌঁছান। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে চারটি বিদ্যালয় ফাইনাল পর্বে জায়গা করে নেয়।

বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে।

গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ অতিক্রম করে সেরা দলগুলো জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।

মাহদী আমিন বলেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী আসরে অন্তত ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাইমটিভি/কেআর