এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ছবি- সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর শাখার নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগটি উত্থাপন করেন দলটির এক নারী কর্মী, যিনি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ও এনসিপির পদপ্রত্যাশী হিসেবে পরিচয় দেন।
অভিযোগকারী দাবি করেন, সংগঠনের একটি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলের বারে ডাকা হয়। সেখানে তাকে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক প্রস্তাব দেওয়া হয়।
তিনি জানান, গত ১৪ জুন সন্ধ্যায় চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে গেলে সেখানে এনসিপি নেতা সুজা উদ্দিন এবং সাদিয়া আফরিন উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে ধূমপান ও মদ্যপানে উৎসাহিত করা হয় এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে সাদিয়া আফরিন স্থান ত্যাগ করার পর সুজা উদ্দিন একাধিকবার তাকে ব্যক্তিগতভাবে কাছে আসতে বলেন এবং ‘ডিল অর ডেথ’ ধরনের হুমকিসদৃশ মন্তব্য করেন। পাশাপাশি রাজনৈতিক পদ ও সুবিধার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
পরবর্তীতে হোটেল থেকে বের হয়ে তিনি ১৭ জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান ভুক্তভোগী। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখা এক বিবৃতিতে এসব অভিযোগকে ‘ভিত্তিহীন, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত ওই বিবৃতিতে অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এনসিপি কেন্দ্রীয় নির্বাহী সংসদ জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন এ বিষয়ে অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর মন্তব্য না করেন, সে বিষয়ে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









