রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অটোরিকশা ও ভ্যানের অবৈধ চার্জিং স্টেশন গড়ে উঠেছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশেই ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এসব যান চার্জ করা হচ্ছে, যেখানে একাধিক তার ও খোলা সংযোগের জটলা তৈরি হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের বিদ্যুৎ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ চার্জিং কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারি বা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফুটপাত ও সড়কের অংশ দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

এছাড়া এসব চার্জিং স্টেশনে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাব পড়ছে নগরীর বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ হিসেবে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও ভোগান্তি সৃষ্টি করছে।

নগরবাসী বলছেন, দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিরাপদ চার্জিং ব্যবস্থা নিশ্চিত না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

প্রাইমটিভি/এমএইচ