ভোলা সদর উপজেলার কালীখোলা এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ভুক্তভোগীর পুত্রবধূর ছোট ভাই সজীবের নাম উঠে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধার একমাত্র ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করায় বাড়িতে তিনি ও তার পুত্রবধূ বসবাস করতেন। পরিবারের নিরাপত্তা ও বিভিন্ন কাজে সহযোগিতার জন্য পুত্রবধূর ছোট ভাইকে ওই বাড়িতে রাখা হয়েছিল। সেই সুযোগের অপব্যবহার করে বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

রোববার (২১ জুন) সকালে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, প্রথমে তার শারীরিক অসুস্থতার কথা বলা হলেও পরে স্বজনরা চিকিৎসকদের জানান, তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আরাফাত বলেন, হাসপাতালে আনার পর রোগীর শারীরিক পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়। পরে স্বজনদের কাছ থেকে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানা যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এনজি