চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে এবং বিদ্যুতের শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পুলিশের একটি গাড়ি অবরোধ করে বিক্ষোভ করেন।
রোববার (২১ জুন) দুপুরে রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে ওই যুবককে আটক করার পর কয়েকজন তাকে মারধর করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে বিদ্যুতের শক দেওয়া হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






