বগুড়াসহ ৪ বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে: বিমান প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সেখানে একটি আধুনিক বিমানঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমানসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে গঠিত একটি প্রতিনিধিদল এ তথ্য জানায়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতেই বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে এটি। পাশাপাশি এখানে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠা করা হবে, যেখানে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পাইলট তৈরি করা হবে।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যেই বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্যে কাজ চলছে। বিমানবন্দরের পাশাপাশি সেখানে একটি আধুনিক বিমানঘাঁটি এবং ফ্লাইং একাডেমিও গড়ে তোলা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় কার্গো সুবিধাসহ আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ঘোষণা দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, বর্তমানে বগুড়া বিমানবন্দরটি বিমানবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে এখানেই উত্তরাঞ্চলের প্রথম আধুনিক বিমানঘাঁটি স্থাপন করা হবে। পাশাপাশি চালু হবে ফ্লাইং একাডেমি, যেখানে বিমানবাহিনীর পাশাপাশি বেসরকারি খাতের জন্যও পাইলট প্রশিক্ষণের সুযোগ থাকবে।
মীর শাহে আলম আরও জানান, আন্তর্জাতিক বিমানবন্দর চালুর জন্য বর্তমান রানওয়ে প্রায় ১০ হাজার ৫০০ বর্গফুট পর্যন্ত সম্প্রসারণের প্রয়োজন হবে। এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো সেবার মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিপণ্য, কৃষিযন্ত্র এবং হালকা প্রকৌশল শিল্পের পণ্য সহজেই বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।
তার মতে, আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো সুবিধা, প্রশিক্ষণ একাডেমি এবং সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে উঠলে বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






