মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবিঃসংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। এটি দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর বলে জানা গেছে। আজ রোববার (২১ জুন) রাতে তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই সরকারি সফরে গেছেন। এর আগে বিকেল পৌনে তিনটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারাও প্রতিনিধিদলে আছেন।
মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। এ সফর নিয়ে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
তিনি জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের আশা করা হচ্ছে। পাশাপাশি তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।
পররাষ্ট্র সচিব আরও জানান, ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গীর সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমিত রাখা হয়েছে।
তিনি বলেন, এই সফরগুলোকে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
চীন সফরকালে তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন (সামার দাভোস ফোরাম)-এ অংশ নেবেন, যেখানে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১,৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সফরের মালয়েশিয়া অংশে বাণিজ্য, শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রী আগামী ২৬ জুন রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






