‘সামনে আসবি না, মাইরা ফালামু’: মিছিল থেকে যুবলীগের হুমকি

ছবিঃ সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীতে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া গার্মেন্টস এলাকার সামনে থেকে মিছিলটি বের হয় বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজন পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক ভাষায় বলেন, ‘ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।’ এ সময় মিছিল থেকে ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানও দেওয়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। গাছা থানা এলাকায় পৌঁছালে দায়িত্ব পালনরত এক উপপরিদর্শক (এসআই) ও আরও দুই পুলিশ সদস্য মিছিলের দিকে এগোতে চাইলে মিছিল থেকে এক নেতা প্রকাশ্যে তাদের সামনে এগোলে হত্যা করার হুমকি দেন। পরে পুলিশ সদস্যরা আর সামনে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, নিষিদ্ধ যুবলীগের মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানার সীমানায় প্রবেশ করে। সে সময় সেখানে এক এসআইসহ তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকা থেকে শুরু হলেও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে গাছা থানা এলাকায়। কারা মিছিলে অংশ নিয়েছিল, তা শনাক্তের কাজ চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






