দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস

ছবিঃ সংগৃহীত
ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী, আজ সোমবার (২২ জুন) দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
অঞ্চলগুলো হলো— ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীবন্দরের এই সতর্কতার পাশাপাশি আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসও জানিয়েছে আবহাওয়া অফিস।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই দুই দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। বর্ষণ ও ঝড়ো হাওয়ার এই পূর্বাভাস মাথায় রেখে সবাইকে, বিশেষ করে নদীপথের যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








