পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (২২জুন) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২১ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরী উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত আব্দুস ছালাম একই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

ভূক্তভোগীর পরিবার ও থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা চিকিৎসার জন্য ঢাকায় যান। বাড়িতে কিশোরী একাই ছিল। এই সুযোগে তার প্রতিবেশি আব্দুস ছালাম কিশোরীকে গত ১৭ জুন বিকেল চারটার দিকে জাম দেওয়ার প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত ছালাম এ ঘটনা কাউকে না বলার জন্য মেয়েটিকে বিভিন্নরকম ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়।

মেয়েটির মা চিকিৎসা শেষে বাড়ি আসার পর গত শনিবার (২০ জুন) বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় রবিবার (২১জুন) মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে আব্দুস ছালামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাইমটিভি/এনজি