প্রতিমন্ত্রী নুরুল হকের ব্যক্তিগত প্রতিনিধি হলেন ছাত্র অধিকারের আবু নাঈম

নুরুল হকের সঙ্গে আবু নাঈম। সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক তার নির্বাচনী এলাকার সার্বিক যোগাযোগ ও জনসেবামূলক কার্যক্রম তদারকির জন্য আবু নাঈমকে ব্যক্তিগত প্রতিনিধি মনোনীত করেছেন।
সোমবার (২২ জুন) প্রতিমন্ত্রীর নিজস্ব কার্যালয় থেকে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়ন প্রদান করা হয়। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আবু নাঈম প্রাইম টিভিকে বলেন, "আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিমন্ত্রী নুরুল হক ভাইয়ের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের। অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া প্রার্থী।"
প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং সাধারণ জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার উদ্দেশ্যেই আবু নাঈমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর পক্ষে এলাকার জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং স্থানীয় বিভিন্ন আবেদন, অভিযোগ ও জনদুর্ভোগসংক্রান্ত বিষয়গুলো গ্রহণ করে তা সমাধানের উদ্যোগ নেবেন।
মনোনয়নপত্রে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই মনোনয়ন সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে কার্যকর হবে। এর মাধ্যমে আবু নাঈম কোনো প্রকার আইনি বা প্রশাসনিক ক্ষমতা অর্জন করবেন না এবং সরকারের পক্ষে কোনো সিদ্ধান্ত গ্রহণের এক্তিয়ার বা ক্ষমতাও তিনি বহন করবেন না।
মনোনয়নপ্রাপ্ত আবু নাঈম বর্তমানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বাসিন্দা এবং মো. শাহ আলম হাওলাদারের সন্তান।

প্রাইম রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








