আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত
আওয়ামী লীগ নামে বর্তমানে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বার্তা দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।” তিনি আরও বলেন, সংগঠনটি নিষিদ্ধ হওয়ায় সেটিকে ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’ হিসেবেই উল্লেখ করা হবে।
এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বরং অতীতের যেকোনো সময়ের তুলনায় পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল ও সন্তোষজনক।
তিনি বলেন, “কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।”
এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
এ প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







