জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়নি; বরং ক্ষমতাসীনদের দলীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটি কোনো বাজেট নয়, বরং দলীয় লোকজনের সুবিধা নিশ্চিত করার একটি গেজেট। এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা থাকলেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলেই দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে স্বাভাবিক ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, এনসিপি চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং দলটি গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।

বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতিফলন প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। এ কারণেই তিনি বাজেটের কঠোর সমালোচনা করেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর