৫০১ নম্বর কক্ষকে বিজয়ের প্রতীক ঘোষণা মামুনুল হকের

ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ওই ঘটনাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এটিকে ‘বিজয়ের প্রতীক’ হিসেবে দেখার কথাও জানিয়েছেন।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২১ সালের ঘটনার বিভিন্ন দিক, তার ব্যক্তিগত অবস্থান এবং পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরেন।
মামুনুল হকের দাবি, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার পরিচিত নারী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সে সময় পুলিশ, স্থানীয় রাজনৈতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে তাকে ঘিরে ফেলে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
তিনি অভিযোগ করেন, রিসোর্ট কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয় এবং বিভিন্ন মাধ্যমে ঘটনাটি প্রচার করা হয়। পরে তাকে ও জান্নাত আরাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বৈবাহিক সম্পর্কের কথা প্রকাশ করা হয় বলে তিনি দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ওই ঘটনায় তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছিল এবং এটি ছিল একটি বৃহত্তর ‘রাজনৈতিক প্রকল্পের’ অংশ।
জান্নাত আরার সঙ্গে সম্পর্ক ও বিয়ের বিষয়ে তিনি জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং পরবর্তীতে তারা কিছু সময় বৈবাহিক সম্পর্কে ছিলেন। পরে ২০২৫ সালের মার্চে পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে বলে তিনি দাবি করেন।
মামুনুল হক আরও দাবি করেন, রিসোর্টে ব্যবহৃত পরিচয় ও বিভিন্ন পরিস্থিতি তখনকার বাস্তবতা ও নিরাপত্তাজনিত কারণে ছিল। তবে এসব নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
পোস্টে তিনি গোয়েন্দা সংস্থা ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক অভিযোগ করেন। পাশাপাশি তার বিরুদ্ধে আনা ‘মুতা বিয়ে’ বা সাময়িক বিয়ের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে চরিত্রহননের প্রচেষ্টা চালানো হয়েছে এবং আদালতসহ বিভিন্ন জায়গায় তাকে হয়রানির শিকার হতে হয়েছে।
মাওলানা মামুনুল হক তার পোস্টের এক পর্যায়ে ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনাকে নিজের ভাষায় ‘বিজয়ের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এটিকে স্মরণ করার কথাও জানান।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








