এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার

ছবিঃসংগৃহীত
চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন। রোববার (২১ জুন) সংগঠনের সহসভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে। এর আগে শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় তাকে আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে পুলিশ ও ডিএমপি সূত্রে জানা গেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








