আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) দেশের সব জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জুন) দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে দলটি দেশব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এ দাবিতে জনমত গড়ে তোলা এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।

কর্মসূচি সফল করতে দলের সব জেলা ও মহানগর শাখাকে জরুরি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় দেশের সব জেলা শহর ও মহানগর এলাকায় একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এনসিপি নেতারা আশা প্রকাশ করেছেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে কর্মসূচি সফল হবে এবং বিচার দাবির পক্ষে জনমত আরও শক্তিশালী হবে।

প্রাইমটিভি/কেআর