নতুন হিজরি বছর ১৪৪৮-কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে মুসলিম বিশ্ব। আরবি নববর্ষের প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হবে নতুন গিলাফ বা কিসওয়া।

সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মক্কার পবিত্র মসজিদুল হারামে শুরু হবে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন। সৌদি আরবের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, প্রতি হিজরি বছরের প্রথম দিন ১ মহররমে কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়।

এবারের কিসওয়া প্রস্তুত করেছে মক্কায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া। বিশেষজ্ঞ কারিগরদের একটি দল প্রায় ১১ মাস ধরে কাজ করে নতুন গিলাফ তৈরির প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

নতুন কিসওয়ায় ব্যবহার করা হয়েছে ৪৭টি বিশুদ্ধ প্রাকৃতিক রেশমের প্যানেল। এতে সোনালি ও রুপালি প্রলেপযুক্ত সুতা দিয়ে খচিত হয়েছে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত। সূক্ষ্ম ক্যালিগ্রাফি ও নান্দনিক কারুকাজে তৈরি এই গিলাফের মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

কিসওয়া তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় সাতটি ধাপে। পানি বিশুদ্ধকরণ থেকে শুরু করে রেশম প্রস্তুত, বয়ন, ক্যালিগ্রাফি, সেলাই, সোনা ও রুপার সুতা দিয়ে এমব্রয়ডারি এবং শেষ পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে নিশ্চিত করা হয় এর পরিপূর্ণতা।

প্রতি বছরের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসলমান গভীর আগ্রহ নিয়ে এই পবিত্র আয়োজনের দিকে তাকিয়ে আছেন। নতুন হিজরি বছরের সূচনায় কাবা শরিফের নতুন গিলাফ পরানোর এই মুহূর্ত মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

প্রাইমটিভি/এনজি